
হরমুজ প্রণালীতে উত্তেজনার রেশ কাটতে না কাটতেই এবার কৌশলগত অত্যন্ত গুরুত্বপূর্ণ মালাক্কা প্রণালীর দিকে মনোযোগ বাড়াচ্ছে যুক্তরাষ্ট্র। সম্প্রতি ইন্দোনেশিয়ার সঙ্গে যুক্তরাষ্ট্রের একটি নতুন প্রতিরক্ষা চুক্তি এই আলোচনার জন্ম দিয়েছে।
চলতি সপ্তাহের শুরুতে চূড়ান্ত হওয়া এই চুক্তির ফলে মার্কিন সামরিক বিমানগুলো ইন্দোনেশিয়ার আকাশসীমায় আরও বেশি কার্যক্রম পরিচালনার সুযোগ পাবে।
যদিও এটিকে আনুষ্ঠানিকভাবে প্রতিরক্ষা সহযোগিতা বলা হচ্ছে, তবে বিশ্লেষকদের মতে এর মাধ্যমে যুক্তরাষ্ট্র মালাক্কা প্রণালীর ওপর সরাসরি নজরদারি ও সামরিক সক্ষমতা বাড়াতে পারবে।
চীন তাদের জ্বালানি আমদানির প্রায় ৮০ শতাংশের জন্য মালাক্কা প্রণালীর ওপর নির্ভরশীল। এই অঞ্চলকে ঘিরে যুক্তরাষ্ট্রের ক্রমবর্ধমান সক্রিয়তা চীনের বাণিজ্যিক ও জ্বালানি নিরাপত্তার জন্য একটি বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াতে পারে ।
মালাক্কা প্রণালী ভারত মহাসাগর ও দক্ষিণ-পূর্ব এশিয়াকে যুক্তকারী বিশ্বের অন্যতম ব্যস্ত বাণিজ্য পথ। এই পথে নিয়ন্ত্রণ বজায় রাখা যুক্তরাষ্ট্রের ইন্দো-প্যাসিফিক কৌশলের একটি গুরুত্বপূর্ণ অংশ।
মধ্যপ্রাচ্যের হরমুজ প্রণালী দিয়ে যেমন বিশ্বের তেলের বড় অংশ যায়, ঠিক তেমনি মালাক্কা প্রণালী দিয়ে এশিয়ার শিল্প ও বাণিজ্যিক পণ্য চলাচল করে। তাই এই দুই রুটে আধিপত্য বজায় রাখা বৈশ্বিক রাজনীতিতে বর্তমানে বেশ গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।
#vibrantNews365 #foreignNews #worldnews #Foreign_Affairs #ইরান #ইসরাইল #যুক্তরাষ্ট্র #মালাক্কা_প্রণালী #Malacca_Strait
0 মন্তব্যসমূহ