আগামীতে বিএনপি ক্ষমতায় এলে শিক্ষাখাতে সর্বোচ্চ বরাদ্দ দেয়া হবে এবং শিক্ষকদের প্রণোদনা ও মর্যাদা বাড়ানোসহ মেধাবী ব্যাক্তিদের প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক হিসেবে নিয়োগ প্রদানে অগ্রাধিকার দেয়া হবে বলে মন্তব্য করেছেন বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেছেন, দেশকে এগিয়ে নিতে হলে প্রাথমিক স্তরের শিক্ষাকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে। বিএনপি আগামীতে ক্ষমতায় এলে সর্বোচ্চ বরাদ্দ দেয়া হবে শিক্ষাখাতে। শিক্ষকদের এমন সাপোর্ট ও সুযোগ-সুবিধা দেয়া হবে যাতে তারা পাঠদানে পুরো মনোযোগ দিতে পারেন।
কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় ৩১ দফা বিষয়ক স্কুল-কলেজের ছাত্রছাত্রীদের মেধা মূল্যায়ন পরীক্ষার ফলাফল প্রকাশ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির ভার্চ্যুয়াল বক্তব্যে তারেক রহমান এসব কথা বলেন। শনিবার বিকালে পাকুন্দিয়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে খন্দকার শামসুল আলম ফাউন্ডেশন এই মেধাবৃত্তি পরীক্ষার ফলাফল ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করে।
তারেক রহমান বলেন, দুর্নীতির বিরুদ্ধে আমাদের সবাইকে সোচ্চার হতে হবে। প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের শেখানো হবে বয়োজ্যেষ্ঠদের প্রতি শ্রদ্ধা প্রদর্শন ও নিজের প্রতি যত্ন নেয়া। ভবিষ্যতে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক হিসেবে নিয়োগে মেধাবীদের অগ্রাধিকার দেয়া হবে এবং শিক্ষকদের মর্যাদা ও প্রণোদনা বাড়ানো হবে। তিনি আরও বলেন, মেধাবীদের মধ্যেই লুকিয়ে আছে আগামীর নেতৃত্ব। কোনো মেধাবী যেন আর ঝরে না পড়ে, সে লক্ষ্যে সরকার গঠন করলে শিক্ষাব্যবস্থায় যুগান্তকারী সংস্কার আনা হবে।
সাধারণ শিক্ষার পাশাপাশি কারিগরি শিক্ষাকে আরও বেশি করে গুরুত্ব দিতে হবে উল্লেখ করে তারেক রহমান আরও বলেন, সকল শিক্ষাপ্রতিষ্ঠানে অষ্টম শ্রেণি থেকে কারিগরি শিক্ষা, বাংলা, ইংরেজির পাশাপাশি বিদেশি বিভিন্ন ভাষা, খেলাধুলা অন্তর্ভুক্ত করতে হবে।
বিএনপি’র জাতীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক ও কিশোরগঞ্জ জেলা বিএনপি সভাপতি মো. শরীফুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপি জাতীয় স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খান, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম, ভারপ্রাপ্ত চেয়ারম্যানের শিক্ষাবিষয়ক উপদেষ্টা ড. মেহেদী আমিন, বিএনপি’র মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান, মাহমুদা হাবিব, কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি রাকিবুল আলম রাকিব প্রমুখ।

0 মন্তব্যসমূহ