সম্প্রতি শারজাহতে আফগানিস্তানের বিপক্ষে টি২০ ও ওয়ানডে সিরিজে ব্যাটিং ব্যার্থতা কাটিয়ে উঠতে পারেনি বাংলাদেশ দল। আরও একবার ব্যাটিং ব্যর্থতা। প্রায় ৫০ ওভার খেলেও বলার মতো পুঁজি গড়তে পারলো না টাইগাররা। একটা সময় তো দুইশর নিচেই গুটিয়ে যাওয়ার শঙ্কা ছিল।
তবে শেষদিকে রিশাদ হোসেন আর তানভীর ইসলামের ব্যাটে কোনোমতে সে শঙ্কা কেটেছে। আজ শনিবার (১৮ অক্টোবার) মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে সিরিজের প্রথম ওয়ানডেতে ৪৯.৪ ওভারে ২০৭ রানে অলআউট হয়েছে বাংলাদেশ। অর্থাৎ জিততে হলে ওয়েস্ট ইন্ডিজকে করতে হবে ২০৮।
যদিও এদিন মিরপুরে টস হেরে ব্যাট করতে নামে বাংলাদেশ। ৮ রানে ২ উইকেট হারিয়ে শুরুতেই ধুঁকতে থাকে টাইগাররা। তানজিদ হাসান তামিমকে বাদ দিয়ে ওপেনিংয়ে ফেরানো হয় সৌম্য সরকারকে। সঙ্গে ছিলেন সাইফ হাসান। পরে সেই ধাক্কা সামাল দিতে পারলেও ক্যারিবিয়নদের চ্যালেঞ্জিং স্কোর দাঁড়া করাতে পারেনি। আফগানিস্তানের বিপক্ষে হোয়াইটওয়াশ হওয়ার পর বাংলাদেশ অধিনায়ক মিরাজ বলেছিলেন, ‘আমাদের ৫০ ওভার খেলতে হবে, শেষ তিনটি ম্যাচ আমরা তা করতে পারিনি।’
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মিরপুরে প্রথম ওয়ানডেতে মনে হয়েছে, জয় পরাজয় একপাশে থাকুক, আপাতত দলের চাওয়া যেন কোনোরকমে ৫০ ওভার ব্যাট করা যায়। নাহয় ৩০তম ওভারে ১০০ না ছোঁয়া, ৬ উইকেট হাতে রেখেও ৪০ ওভার শেষে ১৪০ রানের ব্যাখ্যাটা কী দাঁড় করাবেন আপনি?
দলের ওপেনিংয়ে চলতি বছর একটা ফিফটিও আসেনি। সে কারণে ইনিংসের গোড়াপত্তনে আজ আনা হয় সৌম্য সরকারকে, তানজিদ তামিম বাদ পড়েন। তবে আজ পরিণতিটা হলো আজও বাজে। ফর্মে থাকা সাইফ হাসান ফিরলেন প্রথমে, এরপর সৌম্যও যখন বিদায় নিচ্ছেন, দলের রান তখন দুই অঙ্কেও পৌঁছায়নি।
দলের মন্থর ব্যাটিংয়ের শুরু এরপর থেকে। নাজমুল হোসেন শান্ত তাওহিদ হৃদয়কে সঙ্গে নিয়ে ইনিংস গড়া শুরু করলেন, ১২০ বলে দুজন ৭১ রান যোগ করলেন তৃতীয় উইকেটে। তবে তাতে একটা কীর্তি অবশ্য গড়া হয়ে যায়, ২০২৫ সালে প্রথমবারের মতো তৃতীয় উইকেট থেকে আসে অন্তত ৫০ রান।
শান্ত ৫০ ছুঁইছুঁই স্ট্রাইক রেটে ৩২ রান করেন। ওপাশে তাওহীদ হৃদয় ফিফটি করেছেন, ৯১ বলে ৫১ করে বিদায় নিয়েছেন। অভিষিক্ত মাহিদুল অঙ্কনও ছিলেন ভীষণ মন্থর। ৭৬ বলে করেছেন ৪৬ রান। উদ্দেশ্য একটাই, যেন উইকেট না চলে যায়, ইনিংস যেন ধসে না পড়ে। মিরাজের ইনিংসটা ছিল ২৭ বলে ১৭ রানের। যার সম্মিলিত যোগফল ৪০ ওভারে ১৪০ রান। তখন মনে হচ্ছিল ৫০ ওভারে বুঝি ২০০ ও হবে না!
শেষমেশ তা পেরিয়েছে মূলত লোয়ার মিডল অর্ডারের ব্যাটে চড়ে। রিশাদ হোসেন ২৬ রানের ইনিংস খেলেন ২০০ স্ট্রাইক রেটে। একটা ছক্কাসহ তানভীর ইসলাম অপরাজিত ছিলেন ৯ রানে। নুরুল হাসান সোহান ৯ রান করেছেন ১০ বলে। যার ফলে শেষ ৯.৪ ওভারে বাংলাদেশ তুলেছে ৬৭ রান। তবে তার খেসারতটাও দিতে হয়েছে ৬ উইকেট খুইয়ে।
উইকেট ধরে রাখতে গেলে রান আসছে না, রান তুলতে গেলে হুড়মুড়িয়ে ধসে পড়ছে ইনিংস। বিষয়টা যেন আজ শনিবার আরেকবার জানান দিল, ওয়ানডের ব্যাটিংটাই ভুলে গেছে বাংলাদেশের ব্যাটসম্যানরা। যদিও একটা সময় বিশ্ব ক্রিকেটের প্রতিষ্ঠিত দলগুলোর বিপক্ষে ওয়ানডেতে দারুণ প্রতিদ্বন্দ্বিতা করত টাইগাররা।

0 মন্তব্যসমূহ