sponsored

সালমান শাহ হত্যা মামলা এখন ট্রেন্ডিংয়ে, আলোচনায় ডন-সামিরাও

ঢাকাই সিনেমার নায়ক-নক্ষত্র সালমান শাহ। ১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর তিনি পৃথিবীর মায়া ত্যাগ করেন। তার রহস্যময় মৃত্যু আজও কোটি ভক্তের কাছে এক হাহাকার হয়ে আছে। দীর্ঘদিন ধরে সালমান শাহের মাসহ পরিবারের সদস্যরা দাবি করে আসছিলেন, নায়ককে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। কিন্তু সেটিকে অপমৃত্যু মামলায় আত্মহত্যা বলেই বারবার  দেখানো হয়েছে।

অবশেষে গত ২০ অক্টোবর সালমান শাহের মৃত্যুর ঘটনায় পুনঃতদন্তের নির্দেশ দেন আদালত। তখন থেকেই সারা দেশে আবারও আলোচনায় উঠে আসেন সালমান শাহ। নতুন করে আলোচ্য হয়ে উঠে তার মৃত্যু। আদালতের নির্দেশের ২৪ ঘণ্টা না পেরোতেই একটি হত্যা মামলা দায়ের করেন সালমান শাহের মামা আলমগীর কুমকুম। মামলার এজাহারে প্রথম আসামি হিসেবে নাম রয়েছে সালমানের সাবেক স্ত্রী সামিরা হকের। এছাড়াও রয়েছেন ব্যবসায়ী আজিজ মোহাম্মদ ভাই, লতিফা হক লুসি, চলচ্চিত্রের খলনায়ক ডনসহ আরো কয়েকজন। মোট অভিযুক্ত ১১ জনের পাশাপাশি উল্লেখ করা হয়েছে অজ্ঞাতনামা আরো কয়েকজনের নাম।

সেই থেকে বাংলাদেশে সামাজিক যোগাযোগমাধ্যম ও বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্মে ট্রেন্ডিংয়ের শীর্ষে রয়েছে চিত্রনায়ক সালমান শাহ হত্যা মামলা। নানা তথ্য উপাত্ত ঘেঁটে দেখা যায়, ২০ অক্টোবর দিনভরই বাংলাদেশে গুগল ট্রেন্ডিংয়ের এক নম্বরে ছিলেন সালমান শাহ। ২৭ অক্টোবর পর্যন্ত প্রায় কয়েক লক্ষ মানুষ সালমান শাহকে নিয়ে গুগলে সার্চ করেছেন। তাদের আগ্রহের মধ্যে রয়েছে সালমান শাহের মৃত্যু, সালমান শাহ হত্যা, সালমান শাহ হত্যা মামলা, সালমান শাহের মৃত্যুর রহস্য, সালমান শাহের সিনেমা, গান ও ক্যারিয়ারের নানা বিষয়াদি।

এর পাশাপাশি সালমান শাহের সঙ্গে সংশ্লিষ্ট এমন ব্যক্তিদের মধ্যে সবচেয়ে বেশি খোঁজা হয়েছে নায়কের সাবেক স্ত্রী সামিরা হককে। এরপরই আছেন অভিনেতা ডন ও সালমান শাহের মা নীলা চৌধুরী। যথাক্রমে শাবনূর, আজিজ মোহাম্মদ ভাই, মৌসুমীও সমানভাবে আগ্রহের কেন্দ্রে আছেন। লোকজন সালমান-সামিরার প্রেম, বিয়ে, বিচ্ছেদ, তাদের সংসার জীবন ও সন্তান বিষয়ক নানা তথ্যের পাশাপাশি শাবনূরের সঙ্গে সালমানের প্রেম ও সম্পর্ক নিয়েও অনেক তথ্য জানতে চেয়েছেন। নায়িকা মৌসুমীর সঙ্গে সালমানের সম্পর্ক, সিনেমা নিয়েও আগ্রহ দেখাচ্ছেন অনেকে। সালমান শাহের ছোট ভাইকে নিয়েও অনেকে জানতে চেষ্টা করেছেন গেল এক সপ্তাহে।

কিছু বিশ্লেষণে দেখা যাচ্ছে, দেশ হিসেবে বাংলাদেশ থেকেই সালমান শাহ সংশ্লিষ্ট সর্বাধিক খোঁজ করা হয়েছে। এরপর আছ মার্কিন যুক্তরাষ্ট্র, ওমান, সৌদি আরব, কাতার, অস্ট্রেলিয়া।

আর বাংলাদেশের মধ্যে এই বিষয়ে সবচেয়ে বেশি আগ্রহী সালমান শাহের জন্মস্থান সিলেট বিভাগের মানুষ। এরপর যথাক্রমে বরিশাল, রাজশাহী, চট্টগ্রাম, ঢাকা, খুলনার মানুষ আগ্রহী হয়ে সালমান শাহকে ট্রেন্ডিংয়ে রেখেছেন।


একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ