বরিশালে অগ্রণী হাউজিং লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক আব্দুল আজিজ হাওলাদারকে মারধর করে অণ্ডকোষ চেপে ধরে জোরপূর্বক চেক ও স্ট্যাম্পে স্বাক্ষর নেওয়ার অভিযোগে মোস্তাফিজুর রহমান লিটুকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার দুপুরে নগরের সদর রোড এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
অভিযোগ অনুযায়ী, গত ২৭ জুন সন্ধ্যায় অগ্রণী হাউজিংয়ের কার্যালয়ে লিটুসহ কয়েকজন আব্দুল আজিজকে মারধর করে ৭০ লাখ টাকার একটি চেক, একটি ব্ল্যাঙ্ক চেক ও দুটি সাদা স্ট্যাম্পে স্বাক্ষর আদায় করেন। পুরো ঘটনাটি কার্যালয়ের সিসিটিভিতে ধারণ হয়, যা পরে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক আলোচনার সৃষ্টি হয়।
ভুক্তভোগী দাবি করেন, লিটু এক সময় এ প্রতিষ্ঠানের অংশীদার ছিলেন কিন্তু বর্তমানে লিটুর এই প্রতিষ্ঠানের কাছে কোনো পাওনা নেই; তবুও তিনি এক কোটি টাকা দাবি করে আসছিলেন। ঘটনার পর ব্যাংককে অবহিত করায় ঐ চেকের মাধ্যমে কোনো টাকা উত্তোলন সম্ভব হয়নি। পরে আদালতে মামলা করলে আদালতের নির্দেশে পুলিশ যথাযথ ব্যবস্থা নেয়।
তবে মোস্তাফিজুর রহমান লিটুর দাবি, তিনি ও অন্যরা প্রতিষ্ঠানের পরিচালক এবং আব্দুল আজিজ পরিচালকদের অর্থ আত্মসাৎ করেছেন। এ বিষয়ে পরে বিস্তারিত জানানো হবে বলে তিনি দাবি করেন। পুলিশ জানিয়েছে, আদালতের নির্দেশ অনুযায়ী পরবর্তী আইনগত কার্যক্রম চলছে।
জানা গেছে, লিটুর বাড়ি অগ্রণী হাউজিংয়ের অদূরে কাটপট্টি সড়কে। তার বড় ভাই মাহবুবুর রহমান পিন্টু মহানগর স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি। নগরীতে লিটু যুবদলের রাজনীতির সঙ্গে যুক্ত বলে প্রচলিত থাকলেও রোববার দুপুরে বরিশাল প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে জেলা ও মহানগর যুবদলের নেতারা দাবি করেন, লিটু যুবদলের কোনো ওয়ার্ড কমিটিরও সদস্য নন। দলীয় কোনো কর্মসূচিতেও তাকে কখনো দেখা যায়নি।
#VibrantNews365 #Bangladesh_News #বরিশাল #অগ্রণী_হাউজিং_লিমিটেড #Agrani_Housing_Limited

0 মন্তব্যসমূহ