sponsored

ঈশ্বরদীতে গুলি চালানো সেই অস্ত্রধারীর পরিচয় পাওয়া গেছে

পাবনা জেলার ঈশ্বরদীতে  সংঘটিত বিএনপি-জামায়াতের সমর্থকদের মধ্যে সংঘর্ষ ও গুলিবর্ষণের ঘটনায় অস্ত্রধারীর নাম-পরিচয় পাওয়া গেছে। গত বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার সাহাপুর ইউনিয়নের জগির মোড় ও চর আলহাজ মোড় এলাকায় এ ঘটনা ঘটে। ঘটনার পরপরই বেশ কিছু ভিডিও ফেসবুকে ছড়িয়ে পড়ে। সেখানে প্রতিপক্ষের লোকজনকে উদ্দেশ্য করে এক যুবককে আগ্নেয়াস্ত্র হাতে গুলি করতে দেখা যায়। ওই যুবকের নাম তুষার মণ্ডল। তিনি ঈশ্বরদী পৌর শহরের ভেলুপাড়া এলাকার তাহের মণ্ডলের ছেলে ও জেলা জামায়াতের আমির অধ্যাপক আবু তালেব মণ্ডলের ভাতিজা মামুন মণ্ডলের সহচর। 

ঈশ্বরদী উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শরিফুল ইসলাম শরীফ বলেন, জামায়াত কর্মী তুষার মণ্ডল প্রকাশ্যে আগ্নেয়াস্ত্র হাতে বিএনপির নেতাকর্মীদের ওপর গুলি চালিয়েছে। এরই মধ্যে সেই ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। তুষার জামায়াত নেতা আবু তালেব মণ্ডলের ভাতিজা মামুন মণ্ডলের সন্ত্রাসী সব কর্মকাণ্ডের অন্যতম সহযোগী।

সাহাপুর ইউনিয়ন বিএনপির সভাপতি হামিদুর রহমান হামদু মেম্বার বলেন, গত বৃহস্পতিবার জামায়াতের পূর্বনির্ধারিত কোনো গণসংযোগ ছিল না। গণসংযোগে কেউ কখনও গাড়িভর্তি করে অস্ত্র নিয়ে আসে না। মূলত পুরনো ঘটনার সূত্র ধরেই মক্কেল মৃধা ও তার ছেলের ওপর হামলা করে তালেব মণ্ডল ও তার সমর্থকরা। তার মতে, তালেব মণ্ডল নিজে গাড়ি থেকে অস্ত্র বের করে তার নিজ কর্মীদের হাতে তুলে দিয়েছেন।

এ বিষয়ে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা এবং জেলা বিএনপির আহ্বায়ক ও পাবনা-৪ আসনের দলটি মনোনীত প্রার্থী হাবিবুর রহমান হাবিব বলেন, জামায়াতের নেতাকর্মীরা গাড়িতে করে অস্ত্র নিয়ে গিয়ে বিএনপি নেতাকর্মীদের ওপর হামলা করেছে। পরে ঐক্যবদ্ধ গ্রামবাসীর ধাওয়ার মুখে নিজেদের গাড়িবহর ফেলে পালিয়েছে তারা। এ সময় সশস্ত্র জামায়াত কর্মীরা সাধারণ মানুষের ওপর নির্বিচারে গুলি করে সেই দায় বিএনপির ওপর চাপানোর চেষ্টা করছে।

তবে অস্ত্র হাতে ভাইরাল ওই যুবক জামায়াতের কর্মী নন বলে দাবি করেছেন জেলা জামায়াতের আমির আবু তালেব মণ্ডল। সংবাদ সম্মেলনে তিনি বলেন, অস্ত্র হাতে ওই যুবক আমাদের দলের কেউ না।

ঈশ্বরদী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার প্রণব কুমার বলেন, বিএনপি-জামায়াতের দুই গ্রুপের সংঘর্ষের ঘটনায় অর্ধশতাধিক নেতাকর্মী আহত হয়েছেন। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। তদন্তসাপেক্ষে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

#VibrantNews365 #TrendingNews #BangladeshNews #BreakingNews #viralNews #হাবিবুররহমানহাবিব #আবুতালেবমন্ডল #পাবনাখবর #PabnaNews #IshwardiNews #VoteCampaign #JamaatCandidateAssaulted #BNP #JamateIslami #Armcarrier #shooter 


একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ