পিরোজপুর-৩ (মঠবাড়িয়া) আসনের বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত সম্ভাব্য সংসদ সদস্য প্রার্থী ও উপজেলা আমির সহকারী অধ্যাপক আব্দুল জলিল শরীফের বাসায় কে বা কারা ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে।
গত ২৫ অক্টোবর রাত ১০টার দিকে মঠবাড়িয়া পৌরসভার ৩নং ওয়ার্ডের মোমেনিয়া দাখিল মাদ্রাসার পাশে অবস্থিত সহকারী অধ্যাপক আব্দুল জলিল শরীফের বাড়িতে দুর্বৃত্তরা দুটি ককটেল বিস্ফোরণ ঘটায়।
ঘটনার পর রাতেই মঠবাড়িয়া থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয় এবং পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।
এ ঘটনার প্রতিবাদে রোববার (২৬ অক্টোবর) সকালে জামায়াত এবং এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা মঠবাড়িয়া শহীদ মিনার প্রাঙ্গণ থেকে বিক্ষোভ মিছিল শুরু করে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় শহীদ মিনার চত্বরে এসে সমাবেশে মিলিত হন।
সমাবেশে বক্তব্য রাখেন- মঠবাড়িয়া উপজেলা জামায়াতের সেক্রেটারি আবুল কালাম আজাদ, পৌর আমির মালেক মীর, পৌর সেক্রেটারি আবুল বাশার ও মঠবাড়িয়া সদর ইউনিয়নের সভাপতি তারেক মনোয়ারসহ অন্যান্য নেতারা।
বক্তারা বলেন, একজন সংসদ সদস্য প্রার্থীর বাড়িতে এ ধরনের সন্ত্রাসী হামলা পরিকল্পিত নীলনকশার অংশ। এই নগ্ন হামলা ও ষড়যন্ত্র কোনোভাবেই মেনে নেওয়া হবে না। তারা অবিলম্বে প্রকৃত দোষীদের শনাক্ত করে আইনের আওতায় আনতে প্রশাসনের প্রতি জোর দাবি জানান।
মঠবাড়িয়া থানার পরিদর্শক (তদন্ত) আব্দুল হালিম জানান, আমরা বিষয়টি গুরুত্বসহকারে তদন্ত করছি। দোষীদের শনাক্তের পর দ্রুত আইনের আওতায় আনা হবে।

0 মন্তব্যসমূহ