sponsored

হরমুজ প্রণালিতে মাইনের সঙ্গে ধাক্কা, ২০ লাখ ব্যারেল তেলবাহী সুপার ট্যাংকারে বিস্ফোরণ

 



আন্তর্জাতিক ডেস্ক:

কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালিতে সাগরে পুঁতে রাখা নৌমাইনের আঘাতে ২০ লাখ ব্যারেলেরও বেশি অপরিশোধিত তেলবাহী একটি সুপারট্যাংকারে ভয়াবহ বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শনিবার (১৭ অক্টোবর) সকালে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড কোর (আইআরজিসি)-এর নৌবাহিনীর বরাতে দেশটির আধা-সরকারি বার্তা সংস্থা তাসনিম নিউজ এজেন্সি এ তথ্য জানায়।

আইআরজিসির দাবি, ট্যাংকারটি রাডার ও জিপিএস ট্র্যাকিং সিস্টেম বন্ধ রেখে ইরানের নির্ধারিত নিয়ম অমান্য করে অননুমোদিত বিপজ্জনক পথে প্রণালিটি অতিক্রম করছিল। তাদের অভিযোগ, মার্কিন সামরিক বাহিনীর প্রচ্ছন্ন সহায়তায় নজরদারি এড়িয়ে যাওয়ার চেষ্টা করার সময় জাহাজটি মাইনের সঙ্গে ধাক্কা খায়।

বিস্ফোরণের শিকার ট্যাংকারটির নাম, মালিকানা বা পতাকাবাহী দেশের পরিচয় প্রকাশ করেনি ইরান। জাহাজের নাবিকদের অবস্থা ও হতাহতের তথ্যও এখনো স্পষ্ট নয়।

ঘটনার পর আইআরজিসি এক বিবৃতিতে হুঁশিয়ারি দিয়ে জানিয়েছে, হরমুজ প্রণালি বন্ধ রয়েছে এবং মার্কিন সুরক্ষার ওপর ভরসা করে কোনো জাহাজ নিয়ম অমান্য করার চেষ্টা করলে ভয়াবহ পরিণতির মুখোমুখি হতে হবে।

এদিকে, মধ্যপ্রাচ্যে সাম্প্রতিক উত্তেজনার জেরে এই গুরুত্বপূর্ণ নৌপথে বাণিজ্যিক জাহাজ চলাচল ব্যাহত হলেও ইরানের এই দাবির বিষয়ে মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) বা স্বাধীন কোনো আন্তর্জাতিক সংস্থা এখনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানায়নি।

#vibrantNews365 #worldnews #Foreign_Affairs #Strait_Of_Hormuz #Super_Tanker_Explosion #Sea_Mine


একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ