খুলনা প্রতিনিধি: খুলনার তেরখাদা উপজেলায় ছেলে হত্যার মামলার আসামিরা জামিনে মুক্ত হওয়ার পর এবার তার বাবাকে গুলি করে হত্যা করার অভিযোগ উঠেছে। নিহত ব্যক্তি আক্তার ঢালী (৫৫)। গত ৫ অক্টোবর ২০২৬ সন্ধ্যায় উপজেলার দুর্জনীমহল এলাকায় এ হত্যাকাণ্ড ঘটে।
জানা যায়, গত ১৫ আগস্ট পূর্বশত্রুতার জেরে আক্তার ঢালীর ছেলে জয় ঢালীকে কুপিয়ে ও গলা কেটে হত্যা করা হয়। এ ঘটনায় জয়ের মা নাসিমা বেগম বাদী হয়ে তেরখাদা থানায় ১৩ জনের বিরুদ্ধে হত্যা মামলা করেন।
পরিবারের অভিযোগ, ওই মামলার আসামিরা আদালত থেকে জামিনে মুক্ত হয়ে তাদের মামলা তুলে নেওয়ার জন্য বিভিন্নভাবে হুমকি দিতে থাকে। এর মধ্যেই ৫ অক্টোবর সন্ধ্যায় জয় ঢালীকে যেখানে হত্যা করা হয়েছিল, সেখান থেকে মাত্র প্রায় ১০০ গজ দূরে আক্তার ঢালীকে গুলি করে হত্যা করা হয়।
খুলনার পুলিশ সুপার সরকার ওমর ফারুক জানিয়েছেন, প্রাথমিক তদন্তে আক্তার ঢালী হত্যার সঙ্গে তার ছেলে জয় ঢালী হত্যার সরাসরি যোগসূত্র পাওয়া গেছে। পুলিশ ধারণা করছে, স্থানীয় ‘বি কোম্পানি’ নামের একটি গ্রুপের সদস্যরা এ হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত থাকতে পারে।
অপরাধীদের গ্রেপ্তারে এলাকায় মাদক ও অবৈধ অস্ত্র উদ্ধারে চিরুনি অভিযান শুরু করেছে পুলিশ। একই সঙ্গে হত্যাকাণ্ডের পেছনের কারণ ও জড়িত ব্যক্তিদের শনাক্ত করতে তদন্ত চলছে।
এদিকে, পরপর স্বামী ও সন্তানকে হারিয়ে চরম আতঙ্ক ও নিরাপত্তাহীনতার মধ্যে দিন কাটাচ্ছে পরিবারটি। নিহতের স্বজনরা জানিয়েছেন, আগের মামলার আসামিদের হুমকির কারণে তারা ভয় পাচ্ছেন। এমন পরিস্থিতিতে নতুন করে আর কোনো মামলা করতেও তারা রাজি নন বলে জানিয়েছেন।
#VibrantNews365 #TrendingNews #Bangladesh_News #National_News #Khulna #Killing_In_Khulna
.png)
0 মন্তব্যসমূহ