sponsored

সিআইএ’র গোপন মূল্যায়ন: অভ্যন্তরীণ সংকট, গৃহযুদ্ধ ও পতনের ঝুঁকিতে ইসরাইল

 



মার্কিন গোয়েন্দা সংস্থা সেন্ট্রাল ইন্টেলিজেন্স এজেন্সি (CIA)-এর একটি গোপন মূল্যায়ন প্রতিবেদনে ইসরাইলের অভ্যন্তরীণ রাজনৈতিক ও সামাজিক সংকট নিয়ে গুরুতর আশঙ্কা প্রকাশ করা হয়েছে। প্রতিবেদনে দেশটি গভীর বিভাজন, সম্ভাব্য গৃহযুদ্ধ এবং দীর্ঘমেয়াদে রাষ্ট্রীয় স্থিতিশীলতা ও অস্তিত্বের জন্য ঝুঁকির মুখে পড়তে পারে বলে সতর্ক করা হয়েছে বলে জানিয়েছে ড্রপ সাইট নিউজ (Drop Site News)।

প্রতিবেদনটি CIA-এর বিশেষ বিশ্লেষণ ইউনিট ‘রেড সেল’ (Red Cell) গত আগস্টে তৈরি করে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। এর শিরোনাম ‘ফ্র্যাকচার ফ্রম উইদিন’ (Fracture From Within)।

মূল্যায়নে ইসরাইলের অভ্যন্তরীণ সংকটের পেছনে কয়েকটি গুরুত্বপূর্ণ কারণ তুলে ধরা হয়েছে। এর মধ্যে অন্যতম হলো অতি-অর্থোডক্স (Ultra-Orthodox) ইহুদিদের সামরিক সেবা থেকে অব্যাহতি নিয়ে দীর্ঘদিনের বিতর্ক। এ ইস্যুতে সমাজ ও রাজনৈতিক অঙ্গনে বিভাজন আরও তীব্র হয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

এ ছাড়া গাজা, লেবানন ও ইরানকে ঘিরে দীর্ঘস্থায়ী সামরিক সংঘাতের কারণে ইসরাইলি সেনাদের ওপর বাড়তে থাকা মানসিক চাপ ও ট্রমার বিষয়টিও মূল্যায়নে গুরুত্ব পেয়েছে। দীর্ঘমেয়াদি যুদ্ধ সামরিক বাহিনী ও সামগ্রিক সমাজের ওপর বড় ধরনের চাপ সৃষ্টি করছে বলে এতে বলা হয়েছে।

রাজনৈতিক অস্থিরতাও সংকটকে আরও জটিল করে তুলছে। প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর ক্ষমতা ধরে রাখার রাজনৈতিক লড়াই এবং দেশটির চলমান রাজনৈতিক ও সাংবিধানিক বিরোধ অভ্যন্তরীণ বিভাজনকে আরও গভীর করছে বলে প্রতিবেদনে দাবি করা হয়েছে।

একই সঙ্গে যুদ্ধের কারণে ইসরাইলের সামরিক ব্যয় ব্যাপকভাবে বেড়েছে। এর ফলে দেশটির অর্থনীতির ওপরও বাড়তি চাপ তৈরি হয়েছে। পাশাপাশি পশ্চিমা মিত্রদের সমর্থন কমে যাওয়া এবং আন্তর্জাতিক পর্যায়ে সমালোচনা বৃদ্ধির ফলে ইসরাইলের কূটনৈতিক অবস্থানও চ্যালেঞ্জের মুখে পড়েছে বলে মূল্যায়নে উল্লেখ করা হয়েছে।

প্রতিবেদনটি এমন এক সময়ে সামনে এসেছে, যখন ইসরাইলে আগামী ২৭ অক্টোবর নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। ফলে দেশটির অভ্যন্তরীণ রাজনৈতিক পরিস্থিতি, দীর্ঘস্থায়ী যুদ্ধ এবং সামাজিক বিভাজনকে ঘিরে নতুন করে আলোচনা শুরু হয়েছে।

#vibrantNews365 #worldnews #Foreign_Affairs #Starlink #ইসরাইল #Israel #Fracture_From_Within #CIA #Ultra_Orthodox


একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ