sponsored

আসুন একটু জানি (পর্ব-১০): ইউটিউব নিয়ে এতো মাতামাতি, কিন্তু আমরা অনেকেই জানিনা ইউটিউব (youtube)-এর উদ্ভাবক একজন বাংলাদেশি বংশোদ্ভূত প্রকৌশলী , নাম তাঁর জাভেদ করিম (Jawed Karim)। আসুন তাঁর সম্পর্কে একটু জানি।


 ইউটিউবের ধারণাটি প্রথমে পেপ্যাল-এর সাবেক তিন প্রাক্তন কর্মচারী - চ্যাড হার্লি, স্টিভ চেন এবং জাভেদ করিম-এর সম্মিলিতভাবে মাথায় আসে। তবে, জাভেদ করিমকে প্রায়শই এর প্রথম উদ্ভাবক হিসেবে উল্লেখ করা হয় কারণ ২০০৪ সালের ভারত মহাসাগরের সুনামির ফুটেজ খুঁজে না পাওয়ার পর তিনি একটি ভিডিও শেয়ারিং ওয়েবসাইটের ধারণা তৈরি করেন এবং তিনিই প্রথম ইউটিউবে ভিডিও আপলোড করেন। 

 চ্যাড হার্লি, স্টিভ চেন এবং জাভেদ করিম একই সময়ে পেপ্যাল-এ কাজ করতেন।২০০৪ সালে, জাভেদ করিম এমন একটি ওয়েবসাইট তৈরির ধারণা পান যেখানে ভিডিও আপলোড করা যাবে, কারণ তখন সুনামির ফুটেজ খুঁজে পেতে তাদের অসুবিধা হচ্ছিল। ২০০৫ সালের ১৪ ফেব্রুয়ারি, তিনজন মিলে ইউটিউব প্রতিষ্ঠা করেন। প্রথম ভিডিওটি আপলোড করেন জাভেদ করিম নিজেই, যার শিরোনাম ছিল "Me at the zoo" যা এপর্যন্ত প্রায় ৩৮ কোটি বার দেখা হয়েছে। পরবর্তীতে গুগল এই প্ল্যাটফর্মের দ্রুত বৃদ্ধি এবং এর বিশাল ব্যবহারকারীর সংখ্যা দেখে আগ্রহী হয়। তারা বুঝতে পারে যে, ভিডিও কনটেন্ট একটি গুরুত্বপূর্ণ অংশ হয়ে উঠছে এবং এটি তাদের নিজস্ব ব্যবসায়িক মডেলের পরিপূরক হতে পারে। গুগল ইউটিউবের জনপ্রিয়তার বিষয়টি আঁচ করতে পেরে ২০০৬ সালের নভেম্বর মাসে ১.৬৫ বিলিয়ন ডলারের বিনিময়ে এই ৩ জনের কাছ থেকে ইউটিউব কিনে নেয়।



জাভেদ করিম (Jawed Karim)-এর বৃত্তান্ত

জাভেদ করিম (জন্ম: ২৮ অক্টোবর ১৯৭৯) একজন বাংলাদেশী বংশোদ্ভূত মার্কিন সফটওয়্যার প্রকৌশলী এবং ইন্টারনেট উদ্যোক্তা। তিনি ইউটিউব-এর সহ-প্রতিষ্ঠাতা এবং এই প্ল্যাটফর্মে প্রথম ভিডিও আপলোডকারী ব্যক্তি। "Me at the zoo" (মি এট দ্য জু) শিরোনামের সেই ভিডিওটি ২০০৫ সালের ২৪ এপ্রিল আপলোড করা হয়। ২০২৫ সালের ০২ডিসেম্বর পর্যন্ত ভিডিওটি ৩৭৬ মিলিয়নেরও বেশি বার দেখা হয়েছে।জাভেদ করিম পেপ্যালে কাজ করার সময় স্টিভ চেন ও চ্যাড হার্লে-র সঙ্গে পরিচিত হন, যাঁরা পরবর্তীতে ইউটিউবের অন্য দুই সহ-প্রতিষ্ঠাতা হন। পেপ্যালে কাজ করার সময় করিম প্রতিষ্ঠানটির বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ ফিচার ডিজাইন করেন, যার মধ্যে বাস্তব সময়ে জালিয়াতি শনাক্ত করার একটি উন্নত সিস্টেমও অন্তর্ভুক্ত ছিল।


প্রারম্ভিক জীবন ও শিক্ষা

জাভেদ করিম ১৯৭৯ সালের ২৮ অক্টোবর পূর্ব জার্মানির মার্সেবার্গ শহরে জন্মগ্রহণ করেন। তাঁর বাবা নাইমুল করিম একজন বাংলাদেশি এবং ৩এম-এ গবেষক হিসেবে কর্মরত ছিলেন। তাঁর মা ক্রিস্টিন একজন জার্মান, যিনি মিনেসোটা বিশ্ববিদ্যালয়-এ বায়োরসায়নের অধ্যাপক ছিলেন। করিম ছিলেন দুই ভাইয়ের মধ্যে বড়। ১৯৮০-এর দশকের গোড়ার দিকে করিমের পরিবার জার্মানিতে বর্ণবাদের শিকার হয়। এই পরিস্থিতিতে তাঁরা পূর্ব জার্মানি থেকে পশ্চিম জার্মানির নয়ুস শহরে চলে যান। তবে নয়ুসেও তারা বিদেশিদের প্রতি বৈরিতা ও বর্ণবাদের মুখোমুখি হন। অবশেষে, ১৯৯২ সালে করিমের পরিবার যুক্তরাষ্ট্রের মিনেসোটার সেন্ট পল শহরে স্থায়ীভাবে বসবাস শুরু করে।


জাভেদ করিম ১৯৯৭ সালে সেন্ট পল সেন্ট্রাল হাই স্কুল থেকে উচ্চ মাধ্যমিক পাস করেন।এরপর তিনি ইউনিভার্সিটি অব ইলিনয় অ্যাট আরবানা-শ্যাম্পেইন-এ ভর্তি হন। তবে পড়াশোনার মাঝপথে তিনি পেপ্যালে চাকরি নিয়ে নেন এবং প্রতিষ্ঠানটির প্রারম্ভিক পর্যায়ের একজন কর্মী হিসেবে কাজ শুরু করেন। পরবর্তীতে তিনি পড়াশোনায় ফেরেন এবং কম্পিউটার বিজ্ঞানে স্নাতক ডিগ্রি লাভ করেন। পরবর্তী সময়ে করিম স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে কম্পিউটার বিজ্ঞানে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন।

বিশ্ববিদ্যালয় পড়াকালীন জাভেদ করিমম সিলিকন গ্রাফিক্স ইনকর্পোরেটেড-এ ইন্টার্ন হিসেবে কাজ করেন। সেখানে তিনি থ্রিডি ভক্সেল ডেটা পরিচালনার উপর কাজ করেন, যা মূলত ভলিউম রেন্ডারিং ও ভিজিবল হিউম্যান প্রজেক্ট-এর মতো বিশাল তথ্যভাণ্ডারের জন্য ব্যবহৃত হয়। ২০০২ সালে পেপ্যালে কাজ করার সময় করিমের সঙ্গে চ্যাড হার্লে ও স্টিভ চেন-এর পরিচয় হয়। তিন বছর পর, ২০০৫ সালে তাঁরা একসঙ্গে ইউটিউব প্রতিষ্ঠা করেন। ইউটিউব তৈরি ও এর নকশা প্রক্রিয়ার পর করিম স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ে কম্পিউটার বিজ্ঞানে স্নাতকোত্তর পর্যায়ে ভর্তি হন। তিনি ইউটিউবে একটি অনানুষ্ঠানিক উপদেষ্টার ভূমিকায় ছিলেন, কারণ তাঁর মূল মনোযোগ ছিল পড়াশোনায়। এ কারণে কোম্পানিতে তাঁর শেয়ার অন্যান্য দুই সহ-প্রতিষ্ঠাতার তুলনায় অনেক কম ছিল।


ইউটিউব ছাড়ার পর জাভেদ করিম বিভিন্ন ইন্টারনেট স্টার্টআপে বিনিয়োগ করেছেন, যেমন Airbnb এবং Reddit। বর্তমানে করিম একজন মুক্ত সফটওয়ার ইঞ্জিনিয়ার এবং প্রযুক্তিখাতে বিনিয়োগকারী হিসেবে পরিচিত। তিনি জন্মভাষা জার্মান ছাড়াও ইংরেজি এবং বাংলা ভাষায় সাবলীলভাবে কথা বলতে পারেন। ইন্টারনেটে প্রাপ্ত তথ্য থেকে জানা যায় যে তিনি বর্তমানে পালো আল্টোতে (Palo Alto) থাকেন এবং তাঁর ব্যাক্তিগত জীবন সম্পর্কে খুব বেশি জানা যায়না।  


#VibrantNews365 #AsunEktuJani #WorldNews # #AmazingInformation #FounderofYoutube #CoFoundersofYoutube #JawedKarim #InventorofYoutube #YoutubeFounders #YoutubeCofounders #MeAtTheZoo #1stVideoUploader #YoutubeFirstVideoUploader #FirstVideoofYoutube #YoutubeFirstVideo


একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ