আগামী ১১ ডিসেম্বর ঢাকায় আসছেন দুবারের বিশ্বকাপজয়ী ব্রাজিলিয়ান কিংবদন্তি কাফু। ইতিমধ্যে ফেসবুকে একটি শুভেচ্ছা বার্তাও দিয়েছেন তিনি। এ ছাড়া আর্জেন্টিনার শুভেচ্ছাদূত হিসেবে আসতে পারেন হুয়ান সেবাস্তিয়ান ভেরন, গাব্রিয়েল বাতিস্তুতা কিংবা ক্লদিও ক্যানেজিয়া—এই তিনজনের একজন।
তিন দলের সুপার কাপে খেলতে আগামী ২ ডিসেম্বর ঢাকায় আসছে আর্জেন্টিনার বুয়েনস এইরেস ভিত্তিক স্থানীয় ক্লাব আতলেতিকো চার্লোনের অনূর্ধ্ব–২০ দল। যারা মূলত স্থানীয় পর্যায়ে বিভিন্ন টুর্নামেন্ট ও প্রীতি ম্যাচ খেলে থাকে। এর এক দিন পর আসবে ব্রাজিলের সাও বার্নার্দো ক্লাবের অনূর্ধ্ব–২০ দল। ক্লাবটি ব্রাজিলের তৃতীয় স্তরের প্রতিযোগিতায় নিয়মিত অংশ নেয়।
বাংলাদেশ দল গঠন করা হবে অনূর্ধ্ব–১৭, ২০ ও ২৩ দলের বাছাইকৃত ফুটবলারদের নিয়ে। সংবাদ সম্মেলনে বাফুফের টেকনিক্যাল কমিটির চেয়ারম্যান কামরুল হাসান বলেন, ‘আমরা এটাকে ইতিবাচকভাবে দেখছি। ম্যাচগুলো জাতীয় স্টেডিয়ামে আয়োজন করা হবে। অনূর্ধ্ব–১৭, ২০ ও ২৩ দল থেকে বাছাই করে বাংলাদেশ দল গঠন করা হবে।’
৫ থেকে ১১ ডিসেম্বর জাতীয় স্টেডিয়ামে হবে প্রতিযোগিতার তিনটি ম্যাচ। সাধারণ দর্শকেরা টিকিট কেটে ম্যাচগুলো উপভোগ করতে পারবেন। টিকিটের দাম এখনো নির্ধারণ করা হয়নি। প্রথম দিন বাংলাদেশ খেলবে ব্রাজিলের বিপক্ষে। এরপর ৮ ডিসেম্বর প্রতিপক্ষ হবে আর্জেন্টিনা। আর ১১ ডিসেম্বর তৃতীয় ম্যাচে মুখোমুখি হবে ব্রাজিল–আর্জেন্টিনার আমন্ত্রিত দুই ক্লাব।

0 মন্তব্যসমূহ