কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের অনলাইনে ঘোষিত ‘লকডাউন’ কর্মসূচিকে কেন্দ্র করে রাজধানী ঢাকা, সাভার ও গাজীপুরে আরও অন্তত ছয়টি বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। গত মঙ্গলবার মধ্যরাত থেকে গতকাল বুধবার রাত পর্যন্ত এসব ঘটনা ঘটে। এর মধ্যে গাজীপুরে সাত ঘণ্টার ব্যবধানে তিনটি বাসে আগুন দেওয়া হয়।
এ নিয়ে গত তিন দিনে সারা দেশে অন্তত ১৭টি বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটল। এর মধ্যে ১৬টি ঘটনা ঘটেছে ঢাকা ও আশপাশের এলাকায় (সাভার ও গাজীপুর)।
বিভিন্ন জায়গায় সহিংসতাঃ
আজ সকাল ৮.৩০ মিনিটে ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে একটি চিনি বোঝাই ট্রাকে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এ সময় পুলিশের একটি গাড়িতে ভাঙচুর চালায় হামলাকারীরা।
গাজীপুরের কালীগঞ্জের গ্রামীণ টেলিকম ট্রাস্টের একটি রিসোর্ট থেকে দুটি পেট্রলবোমা উদ্ধার করা হয়।
গতকাল সন্ধ্যা পৌনে সাতটার দিকে রাজধানীর দোলাইরপাড় মোড়ে একটি বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটে। এর আগে দুপুরে ঢাকার শাহ আলী থানা এলাকায় একটি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। পুলিশের ভাষ্যমতে মিরপুর-২ নম্বরের দিক থেকে সনি সিনেমা পেরিয়ে নিউমার্কেটের দিকে যাওয়ার পথে যাত্রীবেশে থাকা তিন ব্যক্তি বাসটিতে আগুন দিয়ে পালিয়ে যান। তাৎক্ষণিকভাবে আগুন নেভানো হয়।
গতকাল রাজধানীর মোহাম্মদপুর, ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি এবং কারওয়ান বাজার এলাকায় ককটেল বিস্ফোরিত হয়। এ নিয়ে গত তিন দিনে ঢাকার অন্তত ২২টি স্থানে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটল।
গাজীপুরের ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের ভোগরা এলাকায় ভিআইপি পরিবহনের একটি বাসে পেট্রল ঢেলে আগুন দেওয়া হয়। ভোর পৌনে পাঁচটার দিকে শ্রীপুরে পেট্রলপাম্পের পাশে পার্ক করে রাখা একটি বাসে আগুন দেওয়া হয়।
মঙ্গলবার রাত ১০টার দিকে কালিয়াকৈর-নবীনগর মহাসড়কের গাজীপুর মহানগরীর চক্রবর্তী এলাকার জ্যোতি ফিলিং স্টেশনের সামনে দাঁড়িয়ে থাকা একটি বাসে পেট্রল ঢেলে আগুন দেওয়া হয়।
গতকাল ভোরে সাভারের আশুলিয়ায় একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। ওই সময় বাসের ভেতরে ঘুমিয়ে ছিলেন চালক মো. সাত্তার। তিনি জানালা দিয়ে লাফিয়ে বের হয়ে প্রাণে বেঁচেছেন বলে জানান।
গত মঙ্গলবার গভীর রাতে ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে গ্রামীণ ব্যাংকের চান্দুরা শাখায় জানালার কাচ ভেঙে পেট্রল ঢেলে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এতে আসবাব ও কাগজপত্র পুড়ে গেছে। তবে ভল্টের টাকা লুট বা বড় ধরনের কোনো ক্ষতি হয়নি।
ব্রাহ্মণবাড়িয়ায় গতকাল গভীর রাতে রেললাইনে আগুন, আধা ঘণ্টা ট্রেন চলাচল বন্ধ
মানিকগঞ্জে বাসস্ট্যান্ড এলাকায় রাতে ককটেল বিস্ফোরণ, পাহারায় পরিবহনশ্রমিকেরা
ঢাকায় কমলাপুর স্টেশনের বাইরে, গোপালগঞ্জে গণপূর্ত কার্যালয়ের সামনেসহ পাঁচ জায়গায় যানবাহনে আগুন
ফেনীতে দাঁড়িয়ে থাকা বাসে আগুন

0 মন্তব্যসমূহ