sponsored

পাবনায় জামায়াতের নির্বাচনী প্রচারণায় হামলা-ভাঙচুর-গুলি, প্রার্থীসহ আহত অর্ধশতাধিক

পাবনা-৪ (ঈশ্বরদী-আটঘরিয়া) আসনের জামায়াতে ইসলামীর প্রার্থী অধ্যাপক আবু তালেব মণ্ডলের নির্বাচনী প্রচারণায় দফায় দফায় হামলা, ভাঙচুর ও গুলিবর্ষণের ঘটনা ঘটেছে। এতে অধ্যাপক আবু তালেব মণ্ডলসহ অর্ধশতাধিক নেতাকর্মী আহত হয়েছেন। একই সঙ্গে তার গাড়িসহ একাধিক মোটরসাইকেল ভাঙচুর করে অগ্নিসংযোগ করা হয়েছে।

এ হামলার অভিযোগ উঠেছে একই আসনের বিএনপি প্রার্থী ও দলের চেয়ারপারসনের উপদেষ্টা হাবিবুর রহমান হাবিবের সমর্থকদের বিরুদ্ধে। বৃহস্পতিবার (২৭ নভেম্বর) বিকেলে ঈশ্বরদী উপজেলার সাহাপুর ইউনিয়নের চরগড়গড়ি জগির মোড় এলাকায় এ ঘটনা ঘটে।

আহতদের ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্যনেওয়া হয়েছে। তবে তাৎক্ষণিকভাবে তাদের নাম-পরিচয় জানাহ যায়নি।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, ঈশ্বরদীর চড়গড়গড়ি এলাকায় দুইদিন আগে স্থানীয় জামায়াত কর্মীদের মারধর করেন স্থানীয় বিএনপি নেতা মক্কেল মৃধা ও তার লোকজন। সেই ঘটনার পর আজ ওই এলাকায় নির্বাচনী প্রচারণা চালাতে যান পাবনা-৪ আসনের জামায়াতের প্রার্থী ও জেলা জামায়াতের আমির অধ্যাপক আবু তালেব মণ্ডল ও তার সমর্থকরা। তারা চরগড়গড়ি আলহাজ্ব মোড়ে পৌঁছালে মক্কেল মৃধার ছেলের নেতৃত্বে তাদের ওপর হামলা চালায়।

পরে জামায়াতের নেতাকর্মীরা ঘটনাস্থল ত্যাগ করে ফেরার পথে মৃধাপাড়ায় আবারও তাদের ওপর হামলা চালায় মক্কেল মৃধার লোকজন। এতে আবু তালেব মণ্ডলের গাড়ি ভাঙচুর করা হয়। তাকে দ্রুত নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হলেও এর মধ্যে তিনি আহত হন। এ সময় জামায়াতের অর্ধশতাধিক নেতাকর্মী আহত হয়েছেন।  

এছাড়াও তাদের বেশ কিছু মোটরসাইকেল ভাঙচুর করে আগুন ধরিয়ে পুড়িয়ে ফেলা হয়েছে বলে জামায়াত সূত্রে জানা গেছে।

এ বিষয়ে আহত অধ্যাপক আবু তালেব মণ্ডল বলেন, ‘আমাদের পূর্ব নির্ধারিত কর্মসূচির অনুযায়ী আজকে সেখানে গিয়েছিলাম। কিন্তু হাবিবুর রহমান হাবিবের সমর্থক বিএনপির সন্ত্রাসীরা আমাদের ওপর আগ্নেয়াস্ত্র ও দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে হামলা চালায়, আমাদের ওপর গুলিবর্ষণ করেছে। আমার গাড়িসহ আমাদের শতাধিক মোটরসাইকেল ভাঙচুর করে এবং অগ্নিসংযোগ করে। এতে অন্তত ৬০-৭০ জন নেতাকর্মী আহত হয়েছেন।’

এ বিষয়ে ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আ স ম আব্দুন নুর বলেন, ‘আপনারা (সাংবাদিক) স্পটে আসেন, আমরা স্পটেই আছি। স্পটে ছাড়া কিছুই বলা যাবে না।’

এ বিষয়ে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও পাবনা-৪ আসনের বিএনপির প্রার্থী হাবিবুর রহমান হাবিব একটি নির্বাচনী মিটিংয়ে ব্যাস্ত থাকায় তার বক্তব্য পাওয়া যায়নি।

#VibrantNews365 #TrendingNews #BangladeshNews #BreakingNews #viralNews #হাবিবুরড়াহ্মানহাবিব #আবুতালেবমন্ডল #পাবনাখবর #PabnaNews #IshwardiNews #VoteCampaign #JamaatCandidateAssaulted 


একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ