sponsored

প্রথম বাংলাদেশী ক্রিকেটার হিসেবে ১০০তম টেস্টের দ্বারপ্রান্তে মুশফিক

টেস্ট ক্রিকেটে শততম ম্যাচ খেলার দ্বারপ্রান্তে মুশফিকুর রহিম। ২০০৫ সালে বাংলাদেশের জার্সিতে তাঁর এই সংস্করণে অভিষেক হয়। দীর্ঘ ২০ বছরের অভিজ্ঞতার পথে তিনি নিজেকে ‘মিস্টার ডিপেন্ডেবল’ হিসেবে প্রতিষ্ঠিত করতে পেরেছেন । সময় গড়ানোর সঙ্গে সঙ্গে ওয়ানডে এবং আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেটকে আগেই গুডবাই বলে দিয়েছেন ৩৮ বছর বয়সী এই উইকেটকিপার-ব্যাটার। এখন তিনি শুধু জাতীয় টেস্ট দলের একজন সদস্য। অভিজ্ঞ সেই মুশফিক এবার সাদা পোশাক লাল বলের ক্রিকেটে অনন্য এক মাইলফলক ছুঁতে চলেছেন। আগামীকাল থেকে শুরু হবে বাংলাদেশ ও আয়ারল্যান্ডের মধ্যকার সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট ম্যাচ। মিরপুর টেস্টের একাদশে থাকলে তা হবে মুশফিকের শততম টেস্ট ম্যাচ। বাংলাদেশের প্রথম কোনো ক্রিকেটার হিসেবে টেস্টে শততম ম্যাচ খেলবেন তিনি। অভিষেকের পর থেকে এখন পর্যন্ত ৯৯টি ম্যাচ খেলেছেন মুশফিক। দ্বিতীয় সর্বোচ্চ ৭৪ ম্যাচ খেলেছেন মুমিনুল হক।

২০০৫ সালে লর্ডসে ইংল্যান্ডের বিপক্ষে টেস্টে অভিষেক হয়  মুশফিকের। ১৮২ ইনিংসে ৩৮ গড়ে বাংলাদেশের হয়ে সর্বোচ্চ ৬ হাজার ৩৫১ রান করেছেন মুশফিক। তিনি ক্যারিয়ারসেরা ২১৯* রানের ইনিংসটি খেলেছিলেন ২০১৮ সালে জিম্বাবুয়ের বিপক্ষে মিরপুরে। এ ছাড়া তাঁর আরও দুটি ডাবল টেস্ট সেঞ্চুরি রয়েছে। সব মিলিয়ে টেস্ট ক্যারিয়ারে ১২টি সেঞ্চুরি ও ২৭টি হাফ সেঞ্চুরি করেছেন মুশফিক। বাংলাদেশের জার্সিতে তিনিই টেস্টে সর্বোচ্চ রানের মালিক। এ তালিকায় দ্বিতীয় স্থানে আছেন তামিম ইকবাল। ৭০ ম্যাচে ১০ সেঞ্চুরিতে ৫১৩৪ রান তাঁর। তিনে মুমিনুল হক। তিনি ৭৪ ম্যাচে ১৩ শতকে ৪৭০৯ রান করেছেন। এ ছাড়া সাকিব আল হাসান ৭১ ম্যাচে ৪৬০৯ এবং হাবিবুল বাশার ৫০ ম্যাচে ৩০২৬ রান করেছেন।

#VibrantNews365 #TrendingNews #BangladeshNews #cricketnews #bangladeshcricket #sports #sportsnews #mushfiqurRahim #Mushfiqur #100thTest


একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ