sponsored

অজিত দোভালের আমন্ত্রণে দিল্লি যাচ্ছেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা: সাইডলাইন বৈঠকে যেসব ইস্যুতে আলোচনা হতে পারে


 নিরাপত্তা সংক্রান্ত আঞ্চলিক এক সংলাপে অংশ নিতে আগামী সপ্তাহে দিল্লি যাচ্ছেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ড. খলিলুর রহমান। ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালের আমন্ত্রণে তাঁর এই সফর অনুষ্ঠিত হতে যাচ্ছে।  ১৫ মাস আগে ছাত্র-জনতার রক্তাক্ত অভ্যুত্থানে হাসিনা সরকারকে হটিয়ে গঠিত অন্তর্বর্তী সরকারের জাতীয় নিরাপত্তা উপদেষ্টার এটাই হতে যাচ্ছে প্রথম ভারত সফর। 

ভারত মহাসাগরীয় ৫ দেশের নিরাপত্তা বিষয়ক জোট কলম্বো সিকিউরিটি কনক্লেভ তথা নিরাপত্তা সংলাপটি আগামী ২০শে নভেম্বর নয়াদিল্লিতে অনুষ্ঠিত হবে। কলম্বো সিকিউরিটি কনক্লেভের আসন্ন সপ্তম আসরে বাংলাদেশ বিশেষভাবে আমন্ত্রিত। বহুপক্ষীয় ঐ আয়োজনের সাইড লাইনে হোস্ট ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টার সঙ্গে গেস্ট বাংলাদেশের জাতীয় নিরাপত্তা উপদেষ্টার একান্ত বৈঠক হবে। ক্রমপরিবর্তনশীল উপ-আঞ্চলিক রাজনীতি, ভূ-রাজনৈতিক বাস্তবতা, বিশেষত দুই দেশের নিরাপত্তা সংশ্লিষ্ট বিষয়াদি আলোচনায় স্থান পেতে পারে। এমন কি দিল্লির আশ্রয়ে থাকা শেখ হাসিনাকে বিচারের জন্য ফেরানোর বিষয়টিও আলোচনার বিষয়বস্তুতে  থাকতে পারে।  

উল্লেখ্য, হাসিনাকে ফেরাতে চিঠি পাঠানো হলেও দুই দেশের দায়িত্বশীল প্রতিনিধি পর্যায়ে আলোচনায় এ নিয়ে কথা হয়েছে যৎসামান্য! যার জন্য এতদিনেও দিল্লি বাংলাদেশ সরকারের চিঠির জবাব দেয়ারও প্রয়োজন মনে করেনি। এ নিয়ে একাধিকবার মিডিয়া পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেনের দৃষ্টি আকর্ষণ করে। কিন্তু তিনি বারবারই প্রসঙ্গটি এড়িয়ে যান।  

সফর নিয়ে প্রধান উপদেষ্টার কার্যালয় যা বলেছে: এদিকে গুরুত্বপূর্ণ ওই সফর বিষয়ে শুক্রবার প্রধান উপদেষ্টার কার্যালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ১৯ থেকে ২০শে নভেম্বর ভারতের নয়াদিল্লিতে অনুষ্ঠেয় সপ্তম ‘কলম্বো সিকিউরিটি কনক্লেভে’ জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ড. খলিলুর রহমান বাংলাদেশ প্রতিনিধিদলের নেতৃত্ব দেবেন বলে সিদ্ধান্ত নিয়েছে সরকার।

আঞ্চলিক এই সম্মেলনে যোগ দিতে খলিলুর রহমানকে আমন্ত্রণ জানিয়েছেন ভারতের নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল। ভারত, শ্রীলঙ্কা, মালদ্বীপ ও মরিশাসের সঙ্গে গত বছর বাংলাদেশ পঞ্চম সদস্য হিসেবে কলম্বো সিকিউরিটি কনক্লেভে যোগ দেয়। প্রধান উপদেষ্টার কার্যালয় বলছে, অন্তর্বর্তীকালীন সরকার আঞ্চলিক সহযোগিতাকে অগ্রাধিকার বিবেচনায় গুরুত্ব দিচ্ছে এবং আঞ্চলিক বিভিন্ন সংস্থার বৈঠকে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছে। নয়াদিল্লির কলম্বো সিকিউরিটি কনক্লেভে তাঁর অংশগ্রহণ সেটিরই ধারাবাহিকতা।

#NationalSecurity #AjitDoval #DrKhalil #Bangladeshnews #IndiaNews


একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ