ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) সমাজকল্যাণ বিভাগের সভাপতি ও সহকারী অধ্যাপক আসমা সাদিয়া রুনাকে নিজ অফিস কক্ষে ছুরিকাঘাত করে হত্যার ঘটনা ঘটেছে।
পরে ওই কক্ষেই রাষ্ট্রবিজ্ঞান বিভাগের কর্মচারী ফজলুর রহমান একই ছুরি দিয়ে আত্মহত্যার চেষ্টা করেন বলে জানিয়েছেন বিভাগের কয়েকজন শিক্ষার্থী।
বুধবার (৪ মার্চ) বিকাল ৪টার দিকে থিওলজি অ্যান্ড ইসলামিক স্টাডিজ অনুষদ ভবনের সমাজকল্যাণ বিভাগে এ ঘটনা ঘটে।
খবর পেয়ে প্রক্টরিয়াল বডি ও ইবি থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে উভয়ের রক্তাক্ত দেহ উদ্ধার করে। বিশ্ববিদ্যালয়ের চিকিৎসা কেন্দ্রে নেওয়ার পর আশঙ্কাজনক অবস্থায় তাদের কুষ্টিয়া সদর হাসপাতালে পাঠানো হয়।
কুষ্টিয়া জেনারেল হাসপাতালের আরএমও হোসেন ঈমাম গণমাধ্যমকে বলেন, হাসপাতালের জরুরি বিভাগে আনার সময় ওই শিক্ষক বেঁচে ছিলেন। তবে ওয়ার্ডে নিয়ে চিকিৎসা শুরু করামাত্রই তিনি মারা যান। তার মাথায় উপর্যুপরি আঘাতের চিহ্ন ছিল। অতিরিক্ত রক্তক্ষরণে তাঁর মৃত্যু হয়েছে।
তিনি আরও বলেন, আরেকজন পুরুষকে আনা হয়েছে। তার অবস্থাও গুরুতর। তাকে চিকিৎসা দেওয়া হচ্ছে।
কুষ্টিয়ার পুলিশ সুপার মোহাম্মদ জসীম উদ্দিন গণমাধ্যমকে বলেন, ছুরিকাঘাতে ইবি শিক্ষিকা মারা গেছেন। বিষয়টি খুবই দুঃখজনক।
উল্লেখ্য ফজলুর রহমান নামের ওই কর্মচারী প্রথম থেকেই সমাজ কল্যান বিভাগে অনেকদিন কর্মরত ছিলেন। সহকারী অধ্যাপক আসমা সাদিয়া রুনা সমাজ কল্যাণ বিভাগের সভাপতির দায়িত্ব নেয়ার পর সম্প্রতি ওই কর্মচারীকে রাষ্ট্রবিজ্ঞান বিভাগে বদলি করেন । প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ওই ক্ষোভ থেকে তিনি এই ধরনের কান্ড ঘটিয়ে থাকতে পারেন।
#VibrantNews365 #TrendingNews #Bangladesh_News #National_News #ইসলামিক_বিশ্ববিদ্যালয় #Islamic_University #University_Teacher_Murdered #ইসলামিক_বিশ্ববিদ্যালয়_শিক্ষক_খুন

0 মন্তব্যসমূহ