sponsored

শেয়ার লেনদেন স্থগিত ৫ ইসলামী ব্যাংকের



 

বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) একীভূত হওয়ার প্রক্রিয়ায় থাকা শরিয়াহভিত্তিক পাঁচটি ব্যাংকের শেয়ার লেনদেন অবশেষে স্থগিত করেছে । বৃহস্পতিবার সকালে দেশের দুই স্টক এক্সচেঞ্জে লেনদেন শুরুর আগেই নিজ নিজ ওয়েবসাইটে ঘোষণা দিয়ে এ সিদ্ধান্তের বিষয়টি বিনিয়োগকারীদের জানায়। এদিকে সাধারণ বিনিয়োগকারীদের স্বার্থ বিবেচনায় না নেয়ায় ঢাকার মতিঝিলে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বিনিয়োগকারীরা।


যে পাঁচ ব্যাংকের শেয়ার লেনদেন স্থগিত করা হয়েছে, সেগুলো হলো - ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, সোশ্যাল ইসলামী ব্যাংক, গ্লোবাল ইসলামী ব্যাংক, ইউনিয়ন ব্যাংক এবং এক্সিম ব্যাংক।


ঢাকা স্টক এক্সচেঞ্জ সূত্র জানিয়েছে, বুধবার রাতে লেনদেন স্থগিত করার বিষয়টি বিএসইসির পক্ষ থেকে জানানো হয়েছে। বৃহস্পতিবার সকালে লেনদেন শুরুর আগে সে অনুযায়ী ব্যবস্থা নেয়া হয়েছে।


বিএসইসির পরিচালক ও মুখপাত্র আবুল কালাম বলেন, বাংলাদেশ ব্যাংক চিঠি দিয়ে জানিয়েছে, ওইদিনই উল্লেখিত পাঁচ ব্যাংককে অকার্যকর ঘোষণা করা হয়েছে। এ অবস্থায় ব্যাংকগুলোর শেয়ার লেনদেন স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছে বিএসইসি। আবুল কালাম আরও বলেন, সাধারণ বিনিয়োগকারীদের স্বার্থ বিবেচনায় বিএসইসির পক্ষ থেকে জোরালো দাবি করেছিলাম, একীভূতকরণ প্রক্রিয়ায় তাদের শেয়ার দিতে হবে। বাংলাদেশ ব্যাংক তা আমলে নেয়নি।


প্রসঙ্গত, বাংলাদেশ ব্যাংক এই পাঁচ ব্যাংকের পরিচালনা পর্ষদ বিলুপ্ত করে এবং তাদের স্থলে প্রশাসক নিয়োগ দেয়। এ বিষয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর জানান, ব্যাংকগুলোর বর্তমান আর্থিক অবস্থার কারণে তাদের শেয়ার শূন্য ঘোষণা করা হয়েছে। তিনি আরও বলেন, ব্যাংকগুলোর শেয়ারধারীরা কোনো অর্থ ফেরত পাবেন না। এদিকে সাধারণ বিনিয়োগকারীদের স্বার্থ বিবেচনায় না নিয়ে পাঁচ ব্যাংক একীভূত করা এবং টানা পাঁচ দিন ধরে দর পতনের প্রতিবাদে কিছু বিনিয়োগকারী ঢাকার মতিঝিলে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে। তারা নিয়ন্ত্রক সংস্থা বিএসইসির চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদের পদত্যাগ দাবি করেন বলেন, তিনি চেয়ারম্যান পদের যোগ্য নন। সাধারণ বিনিয়োগকারীদের স্বার্থ রক্ষা করতে লাগাতার ব্যর্থতার পরিচয় দিয়েছেন তিনি।


একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ